ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই অংশে তিনটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ও সকালের এই দুর্ঘটনার কারণে মহাসড়কে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যানবাহনের চালক ও যাত্রীরা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজার এলাকায় নাহার এগ্রোর পোল্ট্রি খাদ্যবোঝাই একটি কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। এরপর সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের মাঝে আরও দুটি কাভার্ডভ্যান উল্টে গেলে পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহনগুলো ঠায় দাঁড়িয়ে আছে।

গাজীপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকচালক সুজা উদ্দিন জানান, যানজটে আটকা পড়ে তিনি বড়তাকিয়া এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। চয়েস পরিবহনের বাসযাত্রী ইব্রাহিম খলিল বলেন, বারইয়ারহাট থেকে ২০ মিনিটে বড়তাকিয়া এলেও সেখানে এসে দীর্ঘ যানজটে আটকা পড়েছেন। আরেক যাত্রী ওয়াজি উল্লাহ দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার ওপর জোর দিয়ে বলেন, উদ্ধারকাজে বিলম্ব হওয়ার কারণেই সড়কে এমন দীর্ঘ যানজট তৈরি হয়।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জিয়া উদ্দিন জানান, নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর থেকেই পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং শিগগিরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।