প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে আপন শ্যালিকাকে বিয়ে করেছেন বলে দাবি করেছেন নওগাঁর টিকটকার মাসুদ রানা (৩৫)। তবে বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে গ্রাম ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পরে শ্বশুরবাড়িতে গিয়েও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনা চলছে।
মাসুদ রানার বাড়ি নওগাঁ সদর উপজেলায়। তাঁর প্রথম স্ত্রী মৌসুমীর বয়স ২৮ বছর এবং দ্বিতীয় স্ত্রী পূর্ণিমার বয়স ২১ বছর। দুই নারীর বাড়ি মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে।
পরিবার নিয়ে বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন মাসুদ। গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি আপন শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেন। মাসুদের দাবি, এ বিয়েতে তাঁর প্রথম স্ত্রী মৌসুমীর পূর্ণ সম্মতি ছিল। বিয়ের পর মাসুদ ও পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের খবর প্রকাশ করেন। এরপর বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা শুরু হয়।
বিয়েটিকে ইসলামবিরোধী বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় কয়েকজন মাসুদ ও তাঁর পরিবারকে বৈরাগীপাড়ার ভাড়া বাসা ছেড়ে চলে যেতে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি বিবেচনায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তাঁরা মালামাল নিয়ে বদলগাছী ছেড়ে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রামে পূর্ণিমার বাবার বাড়িতে চলে যান।
তবে সেখানেও তাঁদের নিয়ে বিরোধের অবসান হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে থাকা মাসুদ ও পূর্ণিমার মুখে কয়েকজন নারী-পুরুষ চুন-কালি মাখিয়ে দিচ্ছেন। তাঁদের গ্রাম ছেড়ে চলে যেতে বলার অভিযোগও উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, এ ধরনের বিয়ে ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, এমন ঘটনা সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এলাকার সুনাম ক্ষুণ্ন করতে পারে।
বিয়ের কারণ ব্যাখ্যা করে মাসুদ রানা বলেন, পূর্ণিমার সঙ্গে তাঁর একাধিক ভিডিও আগে থেকেই ফেসবুকে প্রকাশ করা হয়েছে। তাঁর আশঙ্কা ছিল, পূর্ণিমার অন্য কোথাও বিয়ে হলে ওই ভিডিওগুলোকে কেন্দ্র করে তিনি হয়রানির শিকার হতে পারেন। এ কারণে প্রথম স্ত্রী মৌসুমীর অনুমতি ও সহযোগিতা নিয়ে পূর্ণিমাকে বিয়ে করেছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে নামাজগড় কামিল মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক মুফতি আফজাল হোসেন বলেন, একজন বোন স্ত্রী হিসেবে থাকা অবস্থায় তাঁর আপন বোনকে বিয়ে করা ইসলামে অনুমোদিত নয়। পবিত্র কোরআনে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, এক বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরই কেবল অন্য বোনকে বিয়ে করা যেতে পারে।
অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় এখনো তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।