ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মহাসড়ক অবরোধ অব্যাহত, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুত এলাকায় একদল শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, হাজারও শ্রমিক ওই এলাকায় অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে চলমান অসন্তোষ নিরসনে বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ২১ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে শক্ত অবস্থান নিয়েছেন।