ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদ, টিপু-লিটনের বহিষ্কার দাবি ভেদরগঞ্জে

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবর এবং শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কারসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার।

বক্তারা গত ২৮ সেপ্টেম্বর হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মাহাবুব মোর্শেদ টিপু মাদবর ও নজরুল ইসলাম লিটন মুন্সির দেওয়া বক্তব্যের নিন্দা জানান। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে শালীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়।

হাবিবুর রহমান রতন তালুকদার বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে কাউকে ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করা কিংবা মানহানিকর বক্তব্য দেওয়া কোনোভাবেই সমীচীন নয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কোনো অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপনেরও আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতবিরোধের কারণে ব্যক্তিগত আক্রমণ বা অসম্মানজনক বক্তব্য রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের বক্তব্যের বিষয়ে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশ থেকে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে টিপু মাদবর ও লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পলোয়ান, আব্দুস সালাম সরদার ও আব্দুল মালেকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।