দুপুরের খাওয়া-দাওয়া শেষে বিশ্রামে ডুবেছিলেন তখন বিয়ের ঘরের নবদম্পতি। এমন মুহূর্তেই হানা দেন বাবার পাঠানো লোকজন — ধরে নিয়ে যান দুজনকে। অভিনেতা বাপ্পারাজের ভালোবাসা ও বিয়ের এই অধ্যায় নিয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি।
নিজের কথায়, ভালোবাসার মানুষটিকে পাশে পেতে চেয়েছিলেন একসময়ের এই নায়ক। কিন্তু পরিবারের আপত্তির মুখে পড়ে ভিন্ন পথ বেছে নেন — প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান। গন্তব্য ছিল প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসা। সেখানেই কাজী ডেকে বিয়ে সেরে ফেলেন দুজন।
সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাপ্পারাজ বলেন, ‘সোহেল ও দিতির বাসায় কাজী ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।’
অর্থাৎ বিয়ের পরপরই বাবার লোকদের মাধ্যমে পরিবারের কাছে ফেরত যেতে হয় তাদের। পরে দুই পক্ষের আলাপ-আলোচনায় সবকিছু স্বাভাবিক হয়ে যায়।
নায়করাজ রাজ্জাকের সন্তান হয়েও অভিনয়গুণে আলাদা পরিচিতি গড়েছেন বাপ্পারাজ। ‘চাঁপা ডাঙার বউ’ দিয়ে শুরু হয় তার বড় পর্দার পথচলা। এরপর ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’, ‘প্রেমের সমাধি’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’সহ বহু সিনেমায় কাজ করেছেন তিনি।
পর্দায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে তার অভিনয় দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছে। বাস্তবে অথচ ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য পরিবারের বাধা পেরিয়ে বিয়ে করেছেন এই অভিনেতা। এখন দুই সন্তানের বাবা বাপ্পারাজ। দুই মেয়েই বিবাহিতা।