ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ

আগামী ডিসেম্বরেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হলেই এই পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের মৌখিক পরীক্ষা এখন চলছে। আগামী ৯ ডিসেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হতে পারে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এবারের নিয়োগপ্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। প্রথমবারের মতো নিবন্ধন পরীক্ষার মাধ্যমে কেবল যোগ্যতা যাচাই নয়, সরাসরি নিয়োগ দেওয়া হবে। ফলে আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে গণ্য হবে।

সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। এর প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর নতুন এই শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।