ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম মোনা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনও ছুরিকাঘাতে আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামের নাদু মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ওই বাড়ির আব্দুল খালেক ভুলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জায়গাজমি নিয়ে বিরোধের জেরে একই বাড়ির কয়েকজনের সঙ্গে মোনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজস্ব জমিতে বাউন্ডারি ভাঙতে গেলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। এ সময় মোনা ও তাঁর ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনকে ছুরিকাঘাত করা হয়।

নিহতের স্বজন মো. সোহেল জানান, নিজস্ব জমিতে বাউন্ডারি ভাঙতে এলে বাধা দেন শহীদুল ইসলাম। এ সময় তাঁকে ও তাঁর ভগ্নিপতিকে ছুরিকাঘাত করা হয়। পরে শহীদুলকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল্লাহ আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই বাড়ির আরমান হোসেন রিমন, আবুল হোসেন ও মো. আবুল কাশেমের নাম জানিয়েছেন স্থানীয়রা।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।