ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা রেঞ্জে অনৈতিক সুবিধার অভিযোগ, একযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ জন পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে পুলিশের বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার সদস্য রয়েছেন। শুক্রবার খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও ইউনিটের কর্মীরা রয়েছেন। প্রাপ্ত তালিকায় থানার পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত সদস্যদের নামও রয়েছে। থানাসহ বিভিন্ন ইউনিটের ক্যাশিয়ার হিসেবে পরিচিত এই সদস্যরা অনৈতিক সুবিধা নিতেন বলে জানা গেছে।

পুলিশের মূল দায়িত্ব আইন প্রয়োগ, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু দায়িত্ব পালনের সময় কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে অনৈতিক সুবিধা গ্রহণ করলে তার প্রভাব পুরো বাহিনীর ওপর পড়ে। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা গ্রহণ, তদন্ত কিংবা অভিযানের মতো গুরুত্বপূর্ণ কাজে অর্থ বা অন্য কোনো সুবিধার বিনিময়ে পক্ষপাতের অভিযোগ উঠলে আইনের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে অপরাধীরা সুযোগ পায় এবং সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে।

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ কারণে আগে বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পুলিশের ওপর জনআস্থা তৈরিতে বাধা সৃষ্টি হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়েরও এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। সেই ধারাবাহিকতায় একযোগে খুলনা বিভাগে এই শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।