আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালন করা হয়।
২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’। বাংলায় এর অর্থ—‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।
এবারের প্রতিপাদ্যে কন্যাশিশুদের সুরক্ষার বিষয়টি শুধু বাল্যবিয়ের মতো ক্ষতিকর প্রথা বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। তাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নেতৃত্বের সুযোগ এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের বিকাশের পথে বিদ্যমান সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের অন্যতম লক্ষ্য হলো কন্যাশিশুদের অধিকার সুরক্ষার পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে লিঙ্গবৈষম্য দূর করা এবং কন্যাশিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহ দেওয়াও দিবসটির উদ্দেশ্য।
২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়ে আসছে।