দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্পে নতুন গতি। বিমানবন্দর থেকে কমলাপুর রুটের প্যাকেজ-৩ এর আওতায় থাকা চারটি ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু হচ্ছে চলতি মাসেই।
বুধবার ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (এমআরটি লাইন-১) এর প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি জানান, কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা স্টেশনে এই কাজ শুরু হবে। এই চার স্টেশন প্যাকেজ-৩ এর অন্তর্ভুক্ত। একই সঙ্গে প্যাকেজ-৪ এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনেও ইউটিলিটি সরানোর কাজ দ্রুত এগোচ্ছে। এর মধ্যে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগরে কাজ শুরু হয়েছিল ২০২৫ সালের ২০ জানুয়ারি।
প্রকল্প পরিচালক আরও জানান, ইতোমধ্যে প্যাকেজ-৬ এর আওতায় বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ ও খিলক্ষেত এবং প্যাকেজ-৫ এর আওতায় নর্দা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ হয়েছে।
প্রকল্প সূত্র জানায়, এমআরটি লাইন-১ এর নির্মাণকাজ ১২টি প্যাকেজে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি এর মূল নির্মাণকাজ শুরু হয়। ১২টি ভূগর্ভস্থ স্টেশনের আশপাশে ছড়িয়ে থাকা বিদ্যুৎ, পানি, গ্যাসসহ বিভিন্ন সেবা সংস্থার লাইন একটি সাধারণ ইউটিলিটি করিডোরে স্থানান্তরের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। নির্মাণ এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর রুটে থাকবে ১২টি ভূগর্ভস্থ স্টেশন। এই রুট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত করবে। অন্যদিকে ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে থাকবে সাতটি উড়াল ও দুটি ভূগর্ভস্থ স্টেশন, যা নতুনবাজারকে পূর্বাচলের সঙ্গে সংযুক্ত করবে।
প্রকল্পের জন্য রূপগঞ্জের পিতলগঞ্জে ৩৫ দশমিক ৯০ হেক্টর জমিতে ডিপো নির্মাণের ভূমি উন্নয়নকাজ গত ৩১ আগস্ট শেষ হয়েছে। প্রাথমিকভাবে ২০২৭ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও কিছু অংশের কাজ আগামী বছরের শেষ পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এই প্রকল্পে অর্থায়ন করছে এবং গত ১৬ সেপ্টেম্বর একনেকে এর সংশোধিত বাজেট অনুমোদন পায়।
এই লাইন চালু হলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং যানজট ও দূষণ অনেকটাই কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।