গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় আব্দুস সামাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে বাড়িতে ফিরে আনোয়ার হোসেন পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তার বাবা আব্দুস সামাদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে উত্তেজনা বাড়লে আনোয়ার তার বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আব্দুস সামাদ মাথা ও বুকে গুরুতর আঘাত পান এবং পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেন দ্রুত বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ঘটনার আলামত সংগ্রহ করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।