পারস্পরিক সম্মতিতে গড়া সম্পর্ক শেষ হওয়ার পর সেই সম্পর্কের পুরোনো শারীরিক ঘনিষ্ঠতাকে ধর্ষণ হিসেবে বিচার করা যাবে না বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার (৩০ অক্টোবর) বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ এই রায় দেয়।
রায়ে আদালত উদ্বেগ প্রকাশ করে বলেছে, সম্মতিভিত্তিক সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রতিশোধ নিতে ফৌজদারি আইনকে হাতিয়ার করার প্রবণতা বাড়ছে। খবর হিন্দুস্তান টাইমসের।
কেরালার একটি মামলার প্রেক্ষিতে এই রায় এল। মামলায় এক ব্যক্তি ধর্ষণের অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণের আবেদন করেছিলেন। অভিযোগকারী নারী ১৯৯৬ সাল থেকে প্রায় সাত বছর ওই ব্যক্তির সঙ্গে বসবাস করেছিলেন। পুরুষটি আগে থেকেই বিবাহিত—এটা জানার পরও দুজনে শারীরিক সম্পর্কে সম্মতি দিয়েছিলেন।
২০০৩ সালে ওই ব্যক্তি সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। আট বছর পর ওই নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। নারীর দাবি ছিল, তিনি ওই ব্যক্তিকে নিজের বৈধ স্বামী ভেবেই শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন।
১৫ বছর পর ওই ব্যক্তিকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে শীর্ষ আদালত বলে, মামলাটি স্পষ্টতই পারস্পরিক সম্মতির সম্পর্কের উদাহরণ। সামাজিক সমালোচনা বা কলঙ্ক এড়াতে হয়তো এটিকে বিয়ের রূপ দেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত ভেঙে যায়।
আদালত আরও বলে, সম্মতিভিত্তিক সম্পর্ক তিক্ততায় রূপ নিলে সেটিকে ধর্ষণের অভিযোগে পরিণত করলে অভিযোগের গুরুত্বই কমে যায় এবং মূল অপরাধের অভিযোগ অর্থহীন হয়ে পড়ে। দুজন প্রাপ্তবয়স্কের আবেগজনিত বিচ্ছেদের পর ফৌজদারি আইনকে হাতিয়ার বানানোর প্রবণতা সমাজ ও আদালতের নিরুৎসাহিত করা উচিত।
রায় প্রদানকারী বিচারপতি নাগারত্ন স্পষ্ট করেন, আদালতকে দুটি বিষয়ের পার্থক্য করতে হবে—একটি হলো প্রকৃতপক্ষে সম্মতির অভাব, যার ফলে যৌন নিপীড়ন ঘটেছে; অন্যটি হলো সম্পর্ক শেষ হওয়ার পর কোনো সঙ্গীর অতীতে দেওয়া সম্মতির জন্য অনুশোচনা।
আদালত বলে, যেখানে যৌন নির্যাতন ও সহিংসতা স্পষ্টভাবে প্রমাণিত, সেখানে কঠোর আইনি পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি নিশ্চিত করতে হবে, সম্পর্ক ভাঙলে বিচার ব্যবস্থা যেন প্রতিশোধের হাতিয়ার না হয়।
বিচারপতি নাগারত্ন প্রশ্ন তোলেন, সম্পর্ক থেকে বেরিয়ে আসার অধিকার ওই পুরুষের ছিল না—এমন কথা কেউ বলতে পারে কি? এই সিদ্ধান্তকে প্রতারণা বা জালিয়াতি বলা যায় না। সম্পর্ক টিকে থাকা অবস্থায় যে শারীরিক ঘনিষ্ঠতা হয়েছে, তা কেবল সম্পর্ক ভেঙে যাওয়ায় পরবর্তীকালে ধর্ষণ হিসেবে গণ্য হতে পারে না।
আদালত জানায়, কোনো নারী ফৌজদারি বিচার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি তাঁর স্বাধীনতা ও সুনাম দুটোই হারান। এ ধরনের ক্ষেত্রে ফৌজদারি প্রক্রিয়ার অপব্যবহার উদ্বেগজনক ও নিন্দনীয়। তাই আদালতকে পুরো সম্পর্ক সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে, কেবল শেষ পরিণতি দেখে নয়।
আদালতের ভাষ্য, এমন মামলা চলতে দেওয়া ফৌজদারি আইনের অপব্যবহার। এটি বিপজ্জনক নজির তৈরি করবে, যেখানে সম্পর্কের ব্যর্থতাকে অপরাধ গণ্য করা হবে এবং ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষকে আইনি লড়াইয়ে টেনে আনা হবে।