ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
রোববারের (১ নভেম্বর) এই আন্দোলনে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন শ্রমিকেরা। পরবর্তীতে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছড়িয়ে পড়েন তাঁরা। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছেন, সকাল থেকেই শ্রমিকেরা সড়কে নেমে তাদের দাবি জানাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে শনিবার দুপুরের দিকে শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে বেলা ২টার পর কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এবং একটি বিপণিবিতান ও কারখানায় ভাঙচুর চালানো হয়। এছাড়া বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবীর কালশীর আদর্শনগর এলাকার একটি ২২ তলা পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল।