ডিজিটাল ব্যাংক উয়েনোর পতন ঘিরে রাজনৈতিক ও আর্থিক সংকটের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হয়েছেন। কর্তৃপক্ষ তাকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছে। একই দিন সাবেক ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
শুক্রবার সিনেটের সর্বসম্মত ভোটে পেনা অভিশংসিত হন। এর আগে বৃহস্পতিবার তিনি পদত্যাগের প্রস্তাব দিলেও সিনেট তা গ্রহণ না করে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে ক্ষমতা থেকে সরানো হয়।
পেনার বিরুদ্ধে অভিযোগ, দ্রুত জনপ্রিয় হওয়া ডিজিটাল ব্যাংক উয়েনোর সঙ্গে তার স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক ছিল। ব্যাংকটি দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা দিত। ঋণ বিতরণ, নিয়ন্ত্রক তদারকি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগেও তার নাম জড়ায়। গত বছর পর্যন্ত তিনি উয়েনোর মূল মালিকানা প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার ছিলেন।
কৌঁসুলিরা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে তা এখনো চূড়ান্ত হয়নি; তবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যুক্ত হতে পারে। শনিবার সকালে তাকে কৌঁসুলির কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর ছড়িয়ে পড়ার পর তার বাসভবনের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হন; পুলিশ নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে।
চলতি সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক উয়েনোর কার্যক্রমে হস্তক্ষেপ করলে সংকট শুরু হয়। ২০২১ সালে যাত্রা শুরু করা ব্যাংকটি অল্প সময়ে দ্রুত সম্প্রসারিত হয়। শুক্রবার উয়েনোর আট সাবেক নির্বাহীকে আটক করা হয়েছে; কেন্দ্রীয় ব্যাংকের সদ্য পদত্যাগী প্রধান কার্লোস কারভালোর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।