জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে ঢাকা মহানগরীর তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে চারটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের প্রমাণ পাওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে মালিবাগ অটো সার্ভিস, টিকাটুলির এ হাই অ্যান্ড কোম্পানি এবং খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়ামে তেল পরিমাপ পরীক্ষা করা হয়।
বিএসটিআই জানায়, মালিবাগ অটো সার্ভিসের একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার তেল কম পাওয়া গেছে। টিকাটুলির এ হাই অ্যান্ড কোম্পানির একটি অকটেন ইউনিটে কম পাওয়া গেছে ৭০ মিলিলিটার। অন্যদিকে, খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়ামের দুটি অকটেন ইউনিটে যথাক্রমে ৪০ ও ১৩০ মিলিলিটার তেল কম সরবরাহের প্রমাণ মিলেছে।
অভিযানে বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান নেতৃত্ব দেন। সংস্থাটি জানিয়েছে, ভোক্তাদের সঠিক পরিমাণে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।