সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জন প্রবাসী কর্মী ও ১৩ জন ওমরাহ যাত্রী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১১ অক্টোবর) রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানায়, ১০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র পড়ে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা হতাহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনায় মোট ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।
নিহত দুই বাংলাদেশি হলেন বগুড়ার শাহেদ আহম্মেদ ও কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরি।
দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিদের মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তারা হলেন ঢাকার হাফেজ হাসান, ব্রাহ্মণবাড়িয়ার কাজী নুরুল্লাহ এবং সৌদি প্রবাসী কর্মী ওমর ফারুক। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নওগাঁর সাফফাত রহমান ও কুমিল্লার দাউদুল ইসলাম। তাদের মধ্যে সাফফাত রহমান অচেতন অবস্থায় রয়েছেন। রিয়াদ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঢাকার সাইমুল ইসলাম সৌরভ ও আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন।
প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালে ঢাকার মো. আব্দুল্লাহ চিকিৎসাধীন। সুলাইমান আলহাবিব হাসপাতালের তাখাসসুসি শাখায় ঢাকার আরমান হোসেনসহ তিন বাংলাদেশি কর্মী চিকিৎসা নিচ্ছেন। অন্য দুজন হলেন মোহাম্মদ ও ফয়সাল আহমদ আবদুল হক।
এ ছাড়া কিংডম হাসপাতালে রফিক মিয়া এবং কিং ফাহাদ মেডিক্যাল সিটিতে ইসমাইল হোসাইন, মিসবাহ উদ্দীন হীরক ও রায়হানুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।
প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাঁচ বাংলাদেশি কর্মী। তারা হলেন সালমা আক্তার, শাহাদাত হোসেন, মোশাহিদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ এবং সোবহে সাদেক মো. শাহজাহান সরকার।
এস্টার সনদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আসাদুল ইসলাম ও মো. জামাল। সুলাইমান ফকিহ হাসপাতালে নাজমা আক্তার এবং সুলাইমান আলহাবিব হাসপাতালের আলসাহাফা শাখায় উমায়ের ও আব্দুল্লাহ কামিল চিকিৎসা নিচ্ছেন।
হামলার পর বাংলাদেশ থেকে রিয়াদে যাওয়া এবং সেখান থেকে বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা প্রায় ৫০০ যাত্রী আটকা পড়েন। বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদেরও একই পরিস্থিতিতে পড়তে হয়। তাদের আবাসন, খাবার ও বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতে বাংলাদেশ দূতাবাস উদ্যোগ নিয়েছে।
দূতাবাস জানায়, টার্মিনাল-৩-এ সৌদিয়া এয়ারলাইনসের এসভি৮০৪, রিয়াদ এয়ারের আরএক্স১৭ ও ইউএস-বাংলার ইউএস২৮১ ফ্লাইটে বাংলাদেশ থেকে আসা এবং ফ্লাইনাস, ফ্লাইএডিল ও ফ্লাইরিয়াদের ফ্লাইটে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা ১০০ যাত্রীর আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের মেরিয়ট ও রেডিসন হোটেল এবং প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে রাখা হয়েছে।
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ইহরামের পোশাক পরে আসা ৬৭ জন যাত্রীকে বিশেষ বাসে রিয়াদ থেকে জেদ্দায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া রিয়াদ থেকে ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইনসের বাতিল হওয়া এসভি৮০৪ ফ্লাইটের প্রায় ৪০০ বাংলাদেশি যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রিয়াদ থেকে বাহরাইনগামী সৌদিয়া এয়ারলাইনসের দুই বাংলাদেশি কর্মীকেও আলখোবার স্থলবন্দর দিয়ে বাহরাইনে যেতে সহায়তা করা হয়েছে।