ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাসে ৯৬ খুন ও ২২৫ ধর্ষণ: ময়মনসিংহে অপরাধ বাড়ছে কেন?

ময়মনসিংহ: চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় ৯৬টি হত্যাকাণ্ড ও ২২৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই হিসাবে জেলায় প্রতিমাসে গড়ে ৯টি খুন এবং ২২টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হচ্ছে। একই সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ২৩৬টি এবং জেলার ১৪টি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ১ হাজার ২৯৬টি।

পুলিশের তথ্য অনুযায়ী, বিপুলসংখ্যক মামলা ও অভিযানের বিপরীতে গ্রেফতারের সংখ্যাও কম নয়। গত ১০ মাসে ৯৬টি হত্যা মামলায় ১১১ জন, ২২৫টি ধর্ষণ মামলায় ১৭৯ জন এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনায় ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদকের ১ হাজার ২৯৬টি মামলায় গ্রেফতার হয়েছেন ৩ হাজার ৬০ জন। শুধু অক্টোবর মাসেই বিভিন্ন অপরাধে ১ হাজার ২৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অক্টোবর মাসে চালানো মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪৯ হাজার পিস ইয়াবা, ৬২০ গ্রাম হেরোইন এবং ২৭০ কেজি গাঁজা। এর পাশাপাশি ১ হাজার ৯১৭ লিটার দেশি মদ, ১ হাজার ১৫৩ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৯০ লিটার ওয়াশ, ১ হাজার ৫২৯ অ্যাম্পল ইনজেকশন এবং ৪ হাজার ১০৮ পিস ট্যাপেন্টাডল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযান ও গ্রেফতারের এই পরিসংখ্যানের পরও জনমনে স্বস্তি ফিরছে না। একসময় শান্ত শহর হিসেবে পরিচিত ময়মনসিংহের ব্যস্ত সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকার অলিগলিতেও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। বাসাবাড়ির তালা ভেঙে চুরি, জানালা ও ভেন্টিলেটরের থাই গ্লাস খুলে মালামাল লুট এবং দোকানপাট ও মোটরসাইকেল চুরির ঘটনা নিয়মিত ঘটছে।

নগরীর গাঙ্গিনারপাড়, পাটগুদাম, ব্রিজ মোড়, চরপাড়া, কাঁচিঝুলি, কৃষ্টপুর, মিন্টু কলেজ রেলক্রসিং, সানকিপাড়া, সেহড়া, বলাশপুর ও কেওয়াটখালী এলাকার বাসিন্দারা জানান, চুরি-ছিনতাইয়ের ভয় তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। রাতের বেলা নির্জন সড়ক বা রেললাইনের পাশ দিয়ে চলাচল করতে পথচারীরা আতঙ্কে থাকেন। চুরির আশঙ্কায় অনেকে বাইরে যাওয়ার আগে প্রতিবেশীদের সতর্ক করে যান।

যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক ও যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগও বাড়ছে। নগরের বাসিন্দা রিফাত আহমেদ জানান, দুপুর ১২টার দিকে বদরের মোড় থেকে একজন যাত্রীসহ থাকা একটি অটোরিকশায় আরও তিনজনের সঙ্গে ওঠেন তিনি। কিছু দূর যাওয়ার পর ভেতরে থাকা একজন ছুরি বের করে সব দিয়ে দিতে বলে। ভয়ে তিনি মোবাইল ফোন, ঘড়ি ও নগদ টাকা দিয়ে দিলে চামড়াগুদাম এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়। রিফাত আহমেদের ভাষ্য, “পুলিশের কাছে যাইনি, গেলেও কোনো লাভ নেই।”

ভুক্তভোগীদের অনেকেই আইনি জটিলতা, সময়ক্ষেপণ ও ভোগান্তির আশঙ্কায় থানায় মামলা করতে চান না। কেউ সাধারণ ডায়রি (জিডি) করেই ক্ষান্ত হন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, পুলিশি টহলের ঘাটতি রয়েছে এবং চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়াচ্ছে। তবে অভিযোগ না করার প্রবণতায় অনেক ঘটনা পুলিশের খাতায় নথিভুক্ত হচ্ছে না বলে প্রকৃত অপরাধ চিত্র নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, শহরের অলিগলি, পরিত্যক্ত ভবন, রেললাইনের পাশ ও নদীর তীরে গাঁজা, ইয়াবা ও হেরোইনের আসর বসে। সহজলভ্যতার কারণে কিশোর ও তরুণদের একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে এবং নেশার টাকা জোগাড় করতে চুরি-ছিনতাইয়ে জড়াচ্ছে। হাজারো গ্রেফতারের পরও মাদকের মূল উৎস ও সরবরাহ নেটওয়ার্ক কীভাবে সচল থাকছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।

জননিরাপত্তা ফেরাতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে অনতিবিলম্বে মাদকের মূল আস্তানাগুলো উচ্ছেদ করতে হবে এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করতে হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি শরীফুজ্জামান টিটু জানান, দিন দিন চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। অপরাধীদের আইনের আওতায় আনা ও নিয়মিত অভিযান না চালালে কিশোর গ্যাং ও অপরাধীদের অপতৎপরতা বন্ধ করা কঠিন হবে।

সার্বিক বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, অপরাধ ও মাদক দমনে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং মাদকের সরবরাহ চক্র চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, শুধু আইনি পদক্ষেপে মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ জরুরি। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় টহল, সিসিটিভি নজরদারি এবং দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নগরবাসীর প্রত্যাশা, শুধু অভিযান ও গ্রেফতারের পরিসংখ্যানে সীমাবদ্ধ না থেকে অপরাধের পুনরাবৃত্তি রোধে দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন। মাদকের সরবরাহ বন্ধ ও পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগ না নিলে শহরের নিরাপত্তাহীনতা আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।