সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা সদস্যরা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। মাঠপর্যায়ের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে এপিসি ও ড্রোনের পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে তদারকি করা হচ্ছে।
অন্যদিকে, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। রোববার বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোতায়েনকৃত এই সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ১৮ প্লাটুন এবং গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন বিজিবি রয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় আরও ৭ প্লাটুন সদস্য সতর্ক অবস্থানে থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।