নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ভানুয়াই এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন (৩৫) ও মো. জীবন (২২)। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে আসছিলেন বলে জানিয়েছে ডিএনসি।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয় ও এসআরবি-১১ যৌথভাবে অভিযান চালায়। এ সময় সিলেট থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ডিএনসির উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চলছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।