ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি। একই দিন দ্বীপের আকাশে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করে। প্রাথমিক প্রতিবেদনে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা বলা হয়েছে; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সত্যতা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা দ্বীপের আকাশে বিমানের শব্দও পেয়েছিলেন।
বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, দ্বীপের আকাশে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে প্রতিরক্ষা বাহিনী। এর আগে শুক্রবার একই এলাকায় এমকিউ-১ ড্রোন ধ্বংসের খবর প্রকাশ করে ইরানের গণমাধ্যম।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি—এমন খবর মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে কাতার। কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুপক্ষ এখনো চুক্তির লক্ষ্যে কাজ করছে; মধ্যস্থতা অব্যাহত রয়েছে।