ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার পরিকল্পনা সরকারের

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নিতে এক বছর অপেক্ষা করতে হয়। এই সময় কমিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের দীর্ঘ সময় অপেক্ষায় না রেখে দ্রুত আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে সরকার ভাবছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তিন মাসের মধ্যেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারে এসব শিক্ষার্থী।

তিনি আরও জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অকৃতকার্য সব শিক্ষার্থীর তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও করছে সরকার।

বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব উল্লেখ করে ড. মাহ্দী আমিন বলেন, পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকবে সরকার। তাদের শিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা উপদেষ্টা আরও জানান, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে তৃতীয় ভাষা শেখানো এবং কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।