নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগার ঘটনায় দগ্ধ ও অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯ জন। তাদের মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চিকিৎসাধীন ৯ জনের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। এদের একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার আরও জানান, রোগীদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
গত সোমবার দিনগত রাত ১টার দিকে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ভবনটির লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। ওই রাতে ভবনে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের কক্ষ দুটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার পরপরই ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।