উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে। উপজেলার মহেড়া রেলস্টেশনের সামনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) এর শেষ বগির পেছনের অংশ লাইন থেকে সরে যায়। এতে বগির চাকা এবং রেললাইনের কিছুটা ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
মহেড়া স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন রওনা হয়েছে। বগিটি তোলার পরই এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে আছে।