ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার দুপুর দেড়টার দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় এই হস্তান্তর হয়।

ফেরত আসা সদস্যরা হলেন ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল রোহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক মো. ইমরান হোসেন। বিজিবি ও পুলিশ সূত্র জানিয়েছে, পতাকা বৈঠকে সুলতানপুর ব্যাটালিয়নের কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়। পুলিশ জানায়, শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় মাদক উদ্ধার অভিযানে এক ব্যক্তিকে ধাওয়া করার সময় কনস্টেবল রোহিত সীমান্ত অতিক্রম করেন। তখন ভারতীয় নাগরিকরা তাকে আটক করেন বলে জানা যায়।

পরে তাকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনও আটক হন। এরপর তাদের ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়। শুক্রবারের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।