ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১০-১২টি যানবাহনের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, অল্পের জন্য বাঁচলেন এমপি

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ চেইন সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২টি যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। এতে অর্ধশতাধিক যাত্রী ও পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ির সারিতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বহর থাকলেও তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মহাসড়কের বরইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি প্রতিবাদ সভায় অংশ নিতে গাড়িবহর নিয়ে বরইতলার দিকে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় বিপরীত দিক থেকে আসা ‘ডলফিন পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ধানবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ট্রাকটি ভারসাম্য হারিয়ে আশপাশের গাড়িগুলোর ওপর আছড়ে পড়লে একের পর এক সংঘর্ষ শুরু হয়।

এই ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহর, যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেলসহ অন্তত এক ডজন যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের তীব্রতায় সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মহাসড়কের ওপর দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পড়ে থাকায় ঢাকা-বরিশাল রুটে প্রায় আধা ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে, ফলে সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নিয়ে সড়ক স্বাভাবিক করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।