ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খুনি নই, প্রেমিক আমি’, ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক

হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ আর পেছনে জ্বলন্ত আগুন—এমন ব্যতিক্রমী সাজে নতুন পোস্টারে হাজির হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর পোস্টারে অ্যাকশন ও রোমান্সের মিশ্র আবহ ফুটে উঠেছে। পোস্টারের সঙ্গে প্রকাশিত বার্তায় নিজেকে খুনি নয়, প্রেমিক হিসেবে তুলে ধরেছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাহরুখ। ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ।’ বাংলায় যার অর্থ, ‘আজ আবার মনে পড়ল, খুনি নই, প্রেমিক আমি।’ তাঁর এই সংলাপের সঙ্গে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘বাদশাহ’-এর জনপ্রিয় গানের কথার মিল রয়েছে। এ কারণে নতুন পোস্টারটি ঘিরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড়দিনের ছুটিকে সামনে রেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। এতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জি। আরও রয়েছেন জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়েল ও সৌরভ শুক্লা।

২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির নাম ঘোষণা করা হয়েছিল। এর আগে প্রকাশিত প্রথম ঝলকে রুপালি চুলের এক ভয়ংকর অ্যাকশন চরিত্রে দেখা যায় তাঁকে। সেখানে তাঁর সংলাপ ছিল, ‘ডর নেহি, দেহশত হুঁ।’ অর্থাৎ, ‘ভয় নই, আমি আতঙ্ক।’

সিনেমাটির ট্রেলার প্রকাশে বিলম্ব নিয়ে সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাবও দিয়েছেন শাহরুখ। তিনি জানান, দর্শকদের অপেক্ষায় রাখার উদ্দেশ্যে নির্মাতারা দেরি করছেন না। বরং সিনেমাটি ভালোভাবে প্রস্তুত করে দর্শকদের সামনে তুলে ধরতেই সময় নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ২৪ ডিসেম্বরের আগেই সিনেমাটির প্রচারণাসংক্রান্ত সবকিছু প্রকাশ করা হবে।

‘পাঠান’-এর পর ‘কিং’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে কাজ করছেন শাহরুখ। অন্যদিকে, এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তিনি। অ্যাকশন ও রোমান্সের পাশাপাশি বাবা-মেয়ের এই প্রথম পর্দার জুটিও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ।