ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বোর্ড নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে বিষয়ভিত্তিক ফল দেখে নির্দিষ্ট বিষয়ে আবেদন করা যাবে। প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আর আবেদন বাতিল বা ফি ফেরত পাওয়া যাবে না। পুনর্নিরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।