ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরতে নতুন পাসপোর্ট চেয়ে শেখ হাসিনার আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। ডিসেম্বরে দেশে ফেরার লক্ষ্যে এই আবেদন করেছেন তিনি; বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে হাসিনার বর্তমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যুতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা অনুযায়ী আবেদন দুটি দ্রুততার সঙ্গে প্রক্রিয়াকরণেরও অনুরোধ জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধে প্রীতি রহমান ও ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

এর আগে রয়টার্সকে হাসিনা বলেছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। তার সহযোগীরা জানিয়েছেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটার পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।