সিরাজগঞ্জে মহাসড়কে যুবলীগের বিক্ষোভ মিছিলের সময় পুলিশভ্যানের উপস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবলসহ চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন এএসআই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশের একটি ভ্যান দেখা গেছে। সেখানে দায়িত্ব পালনকারী কোনো সদস্যের অবহেলা ছিল কি না, তা নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
মিছিলের একটি ভিডিও আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি প্রকাশ করা হয়। পরে ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে, মিছিলের পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।