পঞ্চায়েত হাবিব
রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোয় বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের দায়িত্বের সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের সময়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়নকে কেন্দ্র করে প্রশাসন ক্যাডারের একাংশে অস্বস্তি তৈরি হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জাতীয় মানবাধিকার কমিশন ও সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেষণে দায়িত্ব পালন করছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা।
এসব প্রতিষ্ঠানে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তবে এসব পদায়নের উদ্দেশ্য ও নীতিগত ভিত্তি নিয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা না থাকায় প্রশাসনের ভেতরে নানা প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে নির্বাহী বিভাগে বিচারকদের পদায়নের ক্ষেত্রে রুলস অব বিজনেস অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, নির্বাহী বিভাগে বিচার বিভাগের কিছু কর্মকর্তার পদায়নের বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ নিয়ে আলোচনা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের কর্মকর্তাদের রুলস অব বিজনেস মেনে চলতে হবে। যার দায়িত্ব যেখানে, তিনি সেখানে দায়িত্ব পালন করবেন এবং আইন, বিধি ও নিয়মকানুন অনুসরণ করেই সামনে এগোতে হবে।
প্রশাসন ক্যাডারের একটি অংশের মতে, রাষ্ট্র পরিচালনায় ক্রমবর্ধমান আইনি জটিলতা মোকাবিলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রয়োজন থেকেই এমন পদায়ন হতে পারে। তবে আরেক অংশের আশঙ্কা, নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়মিতভাবে বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদায়ন করা হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্যারিয়ার পরিকল্পনা, পদোন্নতি ও পেশাগত মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এসব পদায়ন সাময়িক প্রয়োজনের ভিত্তিতে হচ্ছে, নাকি প্রশাসনিক কাঠামোয় নতুন কোনো প্রাতিষ্ঠানিক ধারা তৈরি হচ্ছে।
সাম্প্রতিক সময়ে দুদকে একাধিক বিচার বিভাগীয় কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা জজ শাহনাজ সুলতানাকে সংস্থাটির মহাপরিচালক (লিগ্যাল) পদে পদায়ন করা হয়েছিল। পরে তাঁর স্থলে মোহাম্মদ আলী হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়। যুগ্ম জেলা জজ পদমর্যাদার ইসমেত জাহান, আজাদুর রহমান শেখ, মো. হুমায়ুন কবির ও সাজেদুর রহমান দুদকের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাঁদের আবার বিচারিক দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইকবাল বাহার এবং জেলা ও দায়রা জজ শাহাদাত হোসেন প্রামাণিক দুদকের পরিচালক পদে রয়েছেন। সিনিয়র সহকারী জজ মো. মাহাদী হাসানও সংস্থাটির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া পিএসসিতে সহকারী জজ মুস্তাফা হাসান চৌধুরী ও ফাতেমাতুজ্জোহরাকে সহকারী সচিব এবং জেলা ও দায়রা জজ এম. এ. হামিদকে আইন উপদেষ্টা হিসেবে পদায়ন করা হয়। স্থানীয় সরকার বিভাগে জেলা ও দায়রা জজ এম. এ. সাইদকে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে যুগ্মসচিব, রংপুর সিটি করপোরেশনে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোশাররফ হোসেনকে আইন কর্মকর্তা এবং জাতীয় মানবাধিকার কমিশনে জেলা ও দায়রা জজ কুদরত-এ-এলাহীকে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুর্নীতি দমন, প্রশাসনিক তদন্ত, মানবাধিকার, আন্তর্জাতিক চুক্তি, সাইবার আইন, আর্থিক অপরাধ, সাংবিধানিক প্রশ্ন ও প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের আইনি চ্যালেঞ্জ বেড়েছে। এ কারণে আইন ব্যাখ্যা, বিচারিক সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়ায় অভিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী কাজে যুক্ত করার প্রয়োজন দেখা দিতে পারে। বিশেষ করে দুদকের মতো প্রতিষ্ঠানে তদন্ত, মামলা ও প্রসিকিউশন-সংশ্লিষ্ট কাজে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগতে পারে।
তবে প্রশ্ন রয়েছে, এ ধরনের বিশেষজ্ঞ সহায়তার জন্য কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদেরই নির্বাহী পদে আনতে হবে কি না। অবসরপ্রাপ্ত বিচারক, আইন কমিশন, বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষক, জ্যেষ্ঠ আইনজীবী কিংবা স্বাধীন সাংবিধানিক বিশেষজ্ঞদের কাছ থেকেও আইনি সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে। ফলে কোন ক্ষেত্রে কর্মরত বিচারকদের নির্বাহী দায়িত্বে আনা হবে এবং কোন ক্ষেত্রে বিকল্প উৎস থেকে আইনি পরামর্শ নেওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার মতে, একজন প্রশাসন ক্যাডার কর্মকর্তা দীর্ঘ সময় মাঠ প্রশাসন, জেলা প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা, উন্নয়ন প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করার পর ধাপে ধাপে নীতিনির্ধারণী পর্যায়ে যাওয়ার সুযোগ পান। এ ক্যারিয়ার কাঠামোর বাইরে অন্য সার্ভিসের কর্মকর্তাদের নিয়মিতভাবে নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে প্রশাসন ক্যাডারে পদোন্নতি ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদায়নের জন্য নতুন বিধিমালা করা হয়। ২০২৫ সালের ২৮ জুলাই জারি করা ‘আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা, ২০২৫’ অনুযায়ী সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন পদে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। তবে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদের ২৫ শতাংশে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে আইন ও বিচার বিভাগের সম্মতি প্রয়োজন হবে।
বিধিমালায় পদভেদে অভিজ্ঞতার শর্তও নির্ধারণ করা হয়েছে। সচিব পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কমপক্ষে ২৫ বছর, অতিরিক্ত সচিব পদে ২১ বছর, যুগ্মসচিব বা সলিসিটর পদে ১৫ বছর, উপসচিব বা উপ-সলিসিটর পদে ১০ বছর, সিনিয়র সহকারী সচিব পদে পাঁচ বছর এবং সহকারী সচিব পদে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। সচিব ও অতিরিক্ত সচিব নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ এবং প্রেসিডেন্টের অনুমোদনের বিধান রয়েছে। অন্য পদগুলোর ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের কথা বলা হয়েছে। এর মাধ্যমে ২০০১ সালের সংশ্লিষ্ট নিয়োগ নীতিমালা রহিত করা হয়।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের একটি অংশের প্রশ্ন, আইন ও বিচার বিভাগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক কাঠামো তৈরি করা হলে নির্বাহী বিভাগের ক্ষেত্রেও একই ধরনের নীতিগত ভারসাম্য থাকা উচিত। তাঁদের দাবি, প্রশাসন ক্যাডারের অন্তত ২৯৮ জন কর্মকর্তার স্নাতক সম্মান পর্যায়ে আইন বিষয়ে ডিগ্রি রয়েছে। অন্যান্য পর্যায়ে আইন বিষয়ে শিক্ষিত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করলে এ সংখ্যা আরও বেশি। ফলে নির্বাহী প্রশাসনে আইনি দক্ষতার প্রয়োজন হলে এসব কর্মকর্তার অভিজ্ঞতা কতটা কাজে লাগানো হচ্ছে, সেই প্রশ্নও তুলছেন তাঁরা।
অতীতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে পদায়ন নিয়েও জটিলতার নজির রয়েছে বলে তাঁদের দাবি। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ও তৎকালীন অতিরিক্ত সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পদায়ন করা হলেও তিনি সেখানে যোগ দিতে পারেননি। বর্তমান বিধিমালা ও সাম্প্রতিক পদায়নের আলোকে অতীতের এমন ঘটনাগুলোরও তুলনামূলক পর্যালোচনা প্রয়োজন বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা।
বিতর্কটির গুরুত্বপূর্ণ দিক সংবিধানে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ পৃথক রাখার নীতির সঙ্গে সম্পর্কিত। সংবিধানের ২২ অনুচ্ছেদে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে। ১১৬ক অনুচ্ছেদে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহুল আলোচিত ‘মাসদার হোসেন মামলা’র রায়ের পর অধস্তন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের প্রক্রিয়া আরও সুস্পষ্ট ভিত্তি পায়।
আইন বিশেষজ্ঞদের মতে, কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাকে নির্বাহী পদে দায়িত্ব দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ—এমন সিদ্ধান্তে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট আইন, সার্ভিস বিধি, পদের প্রকৃতি ও দায়িত্ব বিবেচনা করতে হবে। তবে এ ধরনের পদায়ন বিচ্ছিন্ন বা সাময়িক না থেকে নিয়মিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় পরিণত হলে বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার পৃথকীকরণ নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, সংবিধানের ২২ অনুচ্ছেদ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার নীতিগত নির্দেশনা দেয় এবং ১১৬ক অনুচ্ছেদ বিচার বিভাগীয় কর্মকর্তাদের স্বাধীনতা নিশ্চিত করে। কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে পদায়ন আইনগতভাবে পুরোপুরি নিষিদ্ধ কি না, সেটি পৃথক প্রশ্ন। তবে এ ধরনের পদায়ন নিয়মিত বা প্রাতিষ্ঠানিক রূপ নিলে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে। তাঁর মতে, মাসদার হোসেন মামলার রায়ের মূল দর্শন ছিল বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করা। তাই নীতি নির্ধারণের সময় বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার পৃথকীকরণের বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব আনোয়ার ফারুক বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রতিটি ক্যাডারের নিজস্ব বিশেষায়িত দক্ষতা রয়েছে। প্রশাসন ক্যাডার মাঠ প্রশাসন, নীতি বাস্তবায়ন ও জনসেবা ব্যবস্থাপনায় বিশেষায়িত, অন্যদিকে বিচার বিভাগ আইন ব্যাখ্যা ও বিচারিক সিদ্ধান্তে বিশেষ দক্ষ। এক বিভাগের দক্ষতা অন্য বিভাগের কাজে প্রয়োজন হতে পারে, তবে দুই বিভাগের প্রাতিষ্ঠানিক সীমারেখা স্পষ্ট থাকা দরকার।
নীতিবিশ্লেষকদের মতে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে পদায়নের ক্ষেত্রে কয়েকটি মৌলিক প্রশ্নের সমাধান প্রয়োজন। এর মধ্যে রয়েছে—এতে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সাংবিধানিক দূরত্ব কমছে কি না, নির্বাহী পর্যায়ে নীতিনির্ধারণে যুক্ত হওয়ার পর কোনো কর্মকর্তা বিচারিক দায়িত্বে ফিরলে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কি না, নির্বাহী দায়িত্ব পালনের সময় তাঁর জবাবদিহি ও কর্মমূল্যায়ন কোন ব্যবস্থায় হবে এবং প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে পেশাগত ভারসাম্য কীভাবে বজায় রাখা হবে। এসব বিষয়ে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তের পরিবর্তে স্বচ্ছ নীতিগত কাঠামো প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী পদে দায়িত্ব দেওয়া নিয়ে আইনি বিতর্কও নতুন নয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০০৭ সালে এ ধরনের পদায়ন বন্ধের দাবিতে একজন সাংবাদিক উচ্চ আদালতে মামলা করেছিলেন। মামলাটির দুই দফা শুনানি হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর আর শুনানি হয়নি। ফলে বিষয়টির চূড়ান্ত বিচারিক নিষ্পত্তি হয়নি বলে সূত্রটির দাবি।
জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ—দুটিই রাষ্ট্র পরিচালনার অপরিহার্য অংশ। আইনগত জটিলতা মোকাবিলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে, তবে সেটি হওয়া উচিত সুস্পষ্ট নীতিমালা ও প্রাতিষ্ঠানিক ভারসাম্যের ভিত্তিতে। তাঁদের প্রস্তাবের মধ্যে রয়েছে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে পদায়নের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন, কোন ধরনের পদে তাঁদের দায়িত্ব দেওয়া যাবে তা নির্ধারণ, পদায়নের প্রয়োজনীয়তা ও জনবল চাহিদা প্রকাশ এবং আইন সংস্কার ও নীতিগত পরামর্শে অবসরপ্রাপ্ত বিচারক ও স্বাধীন আইন বিশেষজ্ঞদের সম্পৃক্ততা বাড়ানো। পাশাপাশি প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং প্রয়োজনে সংসদীয় স্থায়ী কমিটি বা সংশ্লিষ্ট নীতিনির্ধারণী ফোরামে বিষয়টি নিয়ে উন্মুক্ত আলোচনার কথাও বলছেন তাঁরা।