আজ বুধবার থেকে টানা চারদিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। তবে গ্যাস সরবরাহ কোথাও সম্পূর্ণ বন্ধ থাকবে না বলে সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে।
দেশে বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা তিন হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ মিলছে মাত্র আড়াই হাজার মিলিয়ন ঘনফুটের মতো। অর্থাৎ প্রতিদিন ঘাটতি থেকে যাচ্ছে প্রায় এক হাজার ৩০০ এমএমসিএফডি।
এই সরবরাহের বড় অংশ আসে আমদানি করা এলএনজি থেকে। এর মধ্যে ৯২০ মিলিয়ন ঘনফুট এলএনজি আসে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি ও দেশের সামিট এলএনজির ভাসমান টার্মিনাল দিয়ে।
সমস্যা শুরু হয়েছে সামিট এলএনজির ভাসমান টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ নিয়ে। গত বছর ডিসেম্বরে এই কাজ হলেও এবার তা হচ্ছে নভেম্বরের শুরুতেই।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে আরও দুদিন মিলিয়ে মোট চারদিন লাগবে এই রক্ষণাবেক্ষণ কাজে। এ কারণে এলএনজি সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মোঃ শোয়েব জানিয়েছেন, মোট সরবরাহের মধ্যে মাত্র ৩২০ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিড থেকে বন্ধ থাকবে। জাতীয় গ্রিডে ২২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
তবে এই ঘাটতির প্রভাব পড়বে গ্রাহক পর্যায়ে। কিছু কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলে তিনি স্বীকার করেছেন।
গত ১ নভেম্বর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পেট্রোবাংলা জানিয়েছিল, বুধবার থেকে শনিবার পর্যন্ত চারদিন গ্যাসের চাপ কম থাকবে। কিন্তু এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ থাকার গুজব ছড়িয়ে পড়ে।
এই গুজব নিয়ে গ্রাহকদের আশ্বস্ত করেছেন পেট্রোবাংলার ওই কর্মকর্তা। তিনি সাফ বলেন, সরবরাহ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। গ্রাহকরা যাতে কোনোভাবেই আতঙ্কিত বা বিভ্রান্ত না হন।
তবে নির্ধারিত সময়েই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হবে কি না, সেই প্রশ্নও উঠেছে। জবাবে মোঃ শোয়েব বলেন, গ্যাস লাইনে না আসা পর্যন্ত কোনো কিছু নির্দিষ্ট করে বলা কঠিন।
এদিকে গ্যাসের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছে পেট্রোবাংলা।