গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হত্যা মামলার এক হাজতি আসামি আত্মহত্যা করেছেন। শৌচাগারের দরজায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তব্যরত প্রহরীরা ঝুলন্ত দেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে দুপুর ৩টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে। কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।