ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু অভিনয়ে না ছাত্রী হিসেবেও আমি ভালো : সাবিলা নূর

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। গেল ঈদেও কাজ করেছিলেন প্রায় এক ডজন নাটকে। কিন্তু এবারের ঈদের আগে তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় এখন ব্যস্ত রয়েছেন পড়াশোনা নিয়ে।

প্রতি ঈদেই ভিন্নধর্মী কাজ দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন এই অভিনেত্রী। পড়াশোনার চাপে সারাবছর খুব বেশি একটা না গেলেও বিশেষ দিবসের কাজগুলো নিয়ে বেশ ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও এর আগেই ঈদের কাজ শেষ করেছেন সাবিলা। আসছে ঈদেও এক ডজন নাটকে দেখা যাবে তাকে।

সাবিলা নূর জানান, ঈদের আগেই আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আর তাই এই সময়ে পড়াশোনার চাপ তো থাকবেই। আমি খুব বেছে বেছে কাজ করি বলে সবসময় কাজও করা হয় না। যেহেতু ধারাবাহিক নাটকে অভিনয় কম করা হয়, ফলে বিশেষ দিবসের নাটকেই আমাকে বেশি দেখা যায়। এবারের ঈদের জন্য এরই মধ্যে এক ডজন নাটকে কাজ করেছি।

পড়ালেখা নিয়ে তিনি আরও জানান, পড়াশোনা ও কাজ দুটোই আমার কাছে প্রায়োরিটি। কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে কাজটা করতে পারব না। অভিনয় আর পড়ালেখা এই দুইয়ের প্রতি আমার ভালোবাসা রয়েছে। ফলে দুটিই আমার কাছে সমান গুরুত্ব পায়। পড়াশোনায় আমি বেশ মনোযোগী। আর তাই ছাত্রী হিসেবেও আমি বেশ ভালো। বিশ্বাস না হলে আমার ভার্সিটিতে খোঁজ নিয়েও জানতে পারেন!