বন্ধু সব সময়ই বিশেষ কেউ। এমন অনেক বন্ধু আছে যে সুখের দিন কিংবা দুঃখের দিনে সবসময়ই পাশে থাকে। তার সঙ্গে প্রতিদিন দেখা নাও হতে পারে, কিন্তু প্রয়োজনে হাত বাড়ালে তাকে পাওয়া যায়। আমাদের সবার জীবনেই এমন বন্ধু থাকেই।
আর এ বন্ধুত্বের জন্যই সারা বিশ্বে পালিত হয় পুরো একটি দিন। আগামীকাল রোববার হলো সেই দিন ‘ফ্রেন্ডশিপ ডে’। এই দিনটিকেই সামনে রেখে অনেকেই ভাবছেন প্রিয় বন্ধুকে কী উপহার দেবেন। তবে এমন বিশেষ দিনে বেশ কিছু উপহার দেওয়া যেতে পারে। চলুন জেনে নিই কী হতে পারে সেগুলো-
কফি মগ
কফির কাপে চুমুক দিতে দিতে পুরোনো দিনের কথা মনে করেন অনেকেই। তাই এই বিশেষ দিনে কফি মগ উপহার দেওয়া যেতেই পারে। এতে কফি খাওয়ার সময় আপনার বন্ধু আপনাকেই মনে করবেন।
মেমোরি বুক
যেকোনো গিফট শপে ভালো ফ্রেন্ডশিপ বুক পাওয়া যায়। সেটাই বন্ধুকে উপহার দেওয়ার জন্য বেশ ভালো। আপনাদের দুজনের ছবি ও পুরোনো স্মৃতিকথা দিয়ে সাজিয়ে ফেলুন বইটি। দেখবেন বন্ধু অনেক খুশিই হয়েছে।
ফ্রেন্ডশিপ ডে কার্ড
ফ্রেন্ডশিপ ডে কার্ডের থেকে মনকাড়া উপহার বোধহয় আর কিছুই নেই। সুন্দর একটা কার্ড আপনার বন্ধুর মুখে হাসি ফোটাবেই। সঙ্গে সুন্দর করে লিখে জানিয়ে দিন যে, বন্ধু আপনার জন্য কত স্পেশাল।
চকোলেট হ্যাম্পার
চকোলেট খেতে কে না ভালোবাসে? এমন দিনে চকোলেট হ্যাম্পার বন্ধুকে দিতেই পারেন।
বই
বন্ধু যদি বই পড়তে ভালোবাসে, তাহলে তার জন্য বই-ই সেরা উপহার। কথায় কথায় জেনে নিতে পারেন, কোন বইটা সে পড়তে চায়। তারপর সেই বইটা তার হাতে তুলে দিতে পারলে যে হাসিটা উপহার পাবেন, তাতেই আপনার মন ভরে যাবে।
হলুদ ফুল
বন্ধুত্বের রং হল হলুদ। তাই ফ্রেন্ডশিপ ডে’তে হলুদ ফুলের তোড়া মন ভালো করে দেয়।
কেক
বন্ধুত্বের উদযাপন করতে পারেন কেক কেটেও। জিভে পানি আনা কেক পেট ভরাবে, সঙ্গে মনও।
পারফিউম
পারফিউম সব সময়ই উপহার হিসেবে অত্যন্ত মনকাড়া। তাই বিশেষ এদিনে পারফিউমও উপহার দিতে পারেন প্রিয় বন্ধুকে।
ফটো ক্যালেন্ডার
আপনাদের দুজনের ছবি দিয়ে একটি ফটো ক্যালেন্ডার বানিয়ে নিতে পারেন। যেকোনো গিফট শপেই করিয়ে নিতে পারবেন এটি।
সফট টয়
বন্ধুটি যদি মেয়ে হয়, তাহলে চোখ বুজে সফট টয় কিনে ফেলতে পারেন। মেয়েরা সফট টয় পেলে দারুণ খুশি হয়।