ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যালি-দুলাভাইর পরকীয়ার বলি সাবিনা!

রাজধানীর বাংলামোটরে গৃহবধূ সাবিকুন নাহার সাবিনা (২৬) হত্যার নেপথ্যে তার স্বামী কাজী মাসুদ রানার সঙ্গে ছোট বোনের (শ্যালিকা) পরকীয়ার সম্পর্ককে দায়ী করেছেন নিহতের পরিবার।

শুক্রবার দুপুরে সাবিনাকে পিটিয়ে হত্যা করেন মাসুদ। দুপুর আড়াইটার দিকে বাংলামোটর পানির পাম্প সংলগ্ন ৬৭/বি এই বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে আটক করা হয় মাসুদকে।

সন্ধ্যার দিকে সাবিনার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানেই সাবিনার মামাতো ভাই ইয়ামিনের সঙ্গে কথা হয় পরিবর্তন ডটকমের।

তিনি বলেন, ‘স্বামী মাসুদের সঙ্গে বাংলামোটরের ওই টিনসেড বাসায় সাবিনা ও তার আপন ছোট বোন থাকতেন। সেখানে দুলাভাই ও শ্যালিকার মধ্যে পরকীয়া গড়ে উঠে। এক পর্যায়ে বিষয়টি সাবিনা টের পেয়ে যান। এরপর তাদের দাম্পত্য কলহ দেখা দেয়।’

ইয়ামিন আরও বলেন, ‘প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। মাসুদ সাবিনাকে মারধরও করতো। গত মঙ্গলবার রাতেও সাবিনাকে মারধর করেছিল। ওইদিনই আমাকে মাসুদ ফোন করে জানায়, তোমার বোন খুব অসুস্থ। আমি বুধবার ভোরে বাসায় গিয়ে সাবিনাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন দুপুরে সাবিনাকে নিয়ে তার বাসায় ফিরে যাই এবং রাতেই সাবিনার বোনকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেই।’

বিনার মামাতো ভাই বলেন, শুক্রবার দুপুরে সাবিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আমরা লাশ অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে যাই এবং পুলিশে খবর দেই।

সাবিনার লাশ ঢামেকে নিয়ে আসেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই শাকিল জোয়ার্দার। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘সাবিনার লাশের পায়ে ব্যান্ডেজ করা ছিল। এছাড়া তার মাথায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

হাতিরঝিল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘নানা বিষয়ে এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। ঘটনার পর স্বামী মাসুদকে আটক করা হয়েছে।’

সাবিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া মল্লিকের মাঠ গ্রামের আওলাদ সরদারের মেয়ে। তার স্বামী মাসুদের বাড়ি একই জেলার কোটালিপাড়ায়। তিনি একটি প্রাইভেট কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত। এই দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।