ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো রবিন আহমেদ ও নাহিদুল ইসলাম ফাগুন। রবীন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং নাহিদুল ইসলাম ফাগুন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একই বর্ষের ছাত্র। রবিন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল আর নাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, আজিমপুর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা শামস ও শুভ নামক ব্যক্তিদের ধরে তাদের মারধর করে রবিন নাহিদসহ আরও কয়েকজন । পরে তাদের একজনের কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে সেটা থেকে টাকা উত্তোলন করে।
এই ঘটনায় ভুক্তভোগীরা শাহবাগ থানায় অভিযোগ করেন।
ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী স্টুডেন্ট জার্নালকে বলেন, আমাকে শাহবাগ থেকে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। ইতিপূর্বে সুযোগ দেওয়া হয়েছে। ছাত্রত্বের অপব্যবহার করছে জোর করে টাকা আদায় ও ছিনতাইয়ের উদ্দেশ্য। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন এই ধরনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান অত্যন্ত স্বচ্ছ। এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে একাধিক বার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।