ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের পদে আরও পরিবর্তন আসবে: কাদের

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার জানিয়েছেন, মন্ত্রীদের অধীনে থাকা দলীয় পদগুলোতে আরও পরিবর্তন আসবে।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ মন্তব্য করেন।

অনেক মন্ত্রী দলীয় পদে থাকতে চান না উল্লেখ করে কাদের বলেন, তাদের সুবিধার জন্যই এ ধরনের একটি পদক্ষেপ নেয়া হয়েছে।

দ্বিতীয়বারে মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার অভিব্যক্তি জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগের আরও অনেক কাজ রয়েছে। সামনে যে চ্যালেঞ্জ আছে তা মোকাবিলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে গ্রামগুলোকে শহরে রূপান্তর করা এবং প্রতিটি পরিবারের বেকার সদস্যদের চাকরি দেয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা পূরণ করতে হবে।’

দলের জাতীয় কাউন্সিলের সার্বিক বিষয় নিয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান কাদের।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক থেকে সভাপতিমণ্ডলীর নতুন সদস্য নির্বাচিত হওয়া জাহাঙ্গীর কবির নানক ও নতুন কমিটির যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন।