ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত ঘোষণা আগামীকাল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলীয় মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঘোষণা করা হবে আগামীকাল রবিবার (২৯ ডিসেম্বর)। ওইদিন সকাল ১১টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রর্থীদের নাম ঘোষণা হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তবে একটি সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) শেখ ফজলে নূর তাপসকে চূড়ান্ত করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

প্রার্থীদের নাম ঘোষণার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিচার বিশ্লেষণ ও পর্যালোচনা করছি। প্রধানমন্ত্রী নিজের সোর্স থেকেও খোঁজ নিচ্ছেন। গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়েছে। সব কিছু বিচার বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে। আগামীকাল সকাল ১১টায় ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে উভয় সিটি মেয়র ও কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে।’

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ২২ ডিসেম্বর ঢাকার দুইসিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি ও ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। আর দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি।

ঢাকা উত্তর সিটির মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১জন ও দক্ষিণে ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। ২০১৯ সালে হালনাগাদের মাধ্যমে যারা ভোটার হওয়ার প্রক্রিয়ায় আছেন তারা এই সিটি করপোরেশনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।