ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

তোফাজ্জল হোসেন, কুমিল্লা থেকে:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’ এর জন্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, শরীফা আক্তার নিপা (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ), মোহাম্মদ কামরুল হাসান (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ), ধীমান বসু (অর্থনীতি বিভাগ), ঈশিতা ফেরদৌস (বাংলা বিভাগ) এবং উম্মুল খায়ের সুমি (পরিসংখ্যান বিভাগ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’ প্রদানে এ সংক্রান্ত নীতিমালার আলোকে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতী শিক্ষার্থী এ চূড়ান্ত তালিকায় স্থান পান। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে স্বর্ণপ্রদক প্রাপ্তির জন্য নির্বাচিত হয়েছেন।