নিউইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে একাত্তরের ঘাতক হিসেবে ফাঁসিতে ঝোলা মীর কাশেম আলীর ভাতিজার হাত থেকে ক্রেস্ট (বিশেষ সম্মাননা) নিলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্যে গঠিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কমিউনিটিতে সমালোচনার ঝড় উঠেছে। ঐ অনুষ্ঠানের আয়োজক ‘বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র সভাপতি মোহাম্মদ এন মজুমদার উদ্ভ’ত পরিস্থিতির আলোকে ২৫ জানুয়ারি সন্ধ্যায় এনআরবি নিউজকে বলেন, ‘যুদ্ধাপরাধী মীর কাশেমের ভাতিজা বলে কাউকে আমরা আমন্ত্রণ জানাইনি। নিউইয়র্ক সিটি মেয়রকে আমন্ত্রণ জানালে তিনি না এসে তার কমিউনিটি লিঁয়াজো অফিসার মীর আলীকে প্রেরণ করেছিলেন ঐ ক্রেস্ট প্রদানের জন্যে।’ ‘আমি ঘুনাক্ষরেও তাকে চিনতাম না আগে’-উল্লেখ করেন এই সমাজকর্মী।

১৫ জানুয়ারি নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে গোল্ডেন প্যালেস মিলনায়তনে ‘বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র উদ্যোগে ‘বিএসিসি হলিডে সেলিব্রেশন ২০২০’ শীর্ষক ঐ অনুষ্ঠানে ব্যারিষ্টার সুমনের সাথে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি) ইঞ্জিনিয়ার ফরাসত আলী, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, খলিল বিরিয়ানী হাউসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোঃ খলিলুর রহমান, মার্কস হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার আলমাস আলী, মামুন’স টিউটোরিয়ালের একজন কৃতি শিক্ষার্থীকেও ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকরা উল্লেখ করেন, ব্যারিস্টার সুমন যুক্তরাষ্ট্রের গ্রীণকার্ডধারী বিধায় তাকে কমিউনিটি সার্ভিসের জন্যে পুরষ্কার প্রদানে কোন বাধা নেই। তবে, স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করা ছাড়াও রাষ্ট্রীয় একটি আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনরত ব্যক্তিকে নিউইয়র্ক সিটি মেয়র ক্রেস্ট প্রদান করতে পারে কিনা সে প্রশ্ন ক্রমে জোরালো হচ্ছে।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, ইংরেজী নতুন বছরকে বরণ উপলক্ষে ১ জানুয়ারি রাতে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার-স্টার্লিং এলাকায় আল আকসা পার্টি হলে ‘ব্রঙ্কস-বাংলাদেশি কমিউনিটি’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেছিলেন, ‘বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকির কারণে স্ত্রী, সন্তান ও মাকে নিউইয়র্কে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশে জীবনের সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছি। তাই এবারই প্রথম সিদ্ধান্ত নিয়েছি দুই বাচ্চা, মা এবং আমার স্ত্রীকে আমেরিকায় রেখে যাব। আমি যদি বেঁচে না থাকি, আমি চাই না যে আমার পরববর্তী প্রজন্ম ওই ভাবে ভোগান্তিতে পড়ুক।’ বর্ষবরণের ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক এবং যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হুসেন।
ঐ অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন আরও বলেছিলেন, ‘বাংলাদেশের এখন যে অবস্থা আল্লাহ যেন আমাকে মন্ত্রী বানিয়ে বেইজ্জত না করার চেয়ে ব্যারিস্টার সুমন হিসেবে যদি রাখেন তাতে আমি বেশি কৃতজ্ঞ থাকবো। বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খৃস্টানরা সংখ্যালঘু নয়। বাংলাদেশে সংখ্যালঘু হচ্ছে সৎলোক। দেশে নেতার অভাব নেই কিন্তু সৎলোকের অভাব। সৎলোকের অভাবের কারণেই বাংলাদেশ এত পিছিয়ে আছে।’
এরইমধ্যে মিশিগানের ডেট্রয়েট সিটি সংলগ্ন হ্যামট্রমিক সিটির গেইট অব কলম্বাস হলে ৪ জানুয়ারি রাতে ‘হবিগঞ্জ ইয়ুথ ইউনাইটেড অব মিশিগান’র এক অনুষ্ঠানেও ব্যারিস্টার সুমন প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিজের নিরাপত্তাহীনতার প্রসঙ্গ উল্লেখ করেছেন। একাত্তরের ঘাতকের ভাতিজা মীর আলীকে ইতিপূর্বে জাতিসংঘের সামনে, স্টেট ডিপার্টমেন্টের আশপাশে একাত্তরের ঘাতকদের বিচারের বিরুদ্ধে মানববন্ধনেও অন্যতম সংগঠক হিসেবে দেখা গেছে। তাই কমিউনিটিতে জামায়াত-শিবিরের সাথে সম্পর্ক রয়েছে এমন সকলেরই পরিচিত ঘাতক মীর কাশেমের ছোটভাই মীর মাসুম আলী এবং তারই পুত্র মীর আলী। একারণেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কর্তৃক মীর আলীর কাছে থেকে ক্রেস্ট গ্রহণের তথ্য মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীরা সহজভাবে নিতে পারছেন না।
ক্রেস্ট প্রদানের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টেট এ্যাসেম্বলীওম্যান ক্যারীনেস রাইস, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এটর্নী এইচ ব্রুশ ফিসার, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি লিঁয়াজো মীর আলী, কমিউনিটি লিডার বদরুন খান মিতা, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, সিপিএ আহাদ আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, আব্দুল চৌধুরী জাকি, তোফায়েল চৌধুরী, সাখাওয়াত আলী, আলমাস আলী, মঞ্জুর চৌধুরী জগলুল, আবদুল গাফফার চৌধুরী খসরু, ডা. মিতা চৌধুরী, ডা. নাহিদ খান, হাসান আলী, এ ইসলাম মামুন, সারোয়ার চৌধুরী, আরশাদ আলী, সালমা সুমি, ফিজা ফজিলাতুন নেসা প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণাতিথি, চন্দ্রা রায়, শারমিন তানিয়া, সুমন ও জুলি রহমান সঙ্গীত পরিবেশন করেন। জমকালো এ পরিবেশনা শিল্পীদের সাথে নেচে গেয়ে দারুণভাবে উপভোগ করেন প্রবাসীরা।