করোনাকালীন দুর্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের সমপরিমাণ বেতন দিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।
গত শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) বিশ্বজুড়ে মহামারির রূপ নিয়েছে। ইতোমধ্যে ২১০টি দেশের জনগণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এর বাইরে নয়। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৬ এপ্রিল ২০২০ তারিখে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইইডিসিআরের ভাষ্য অনুযায়ী বাংলাদেশে কমিউনিটি পর্যায়ে এই ভাইরাসের প্রসার ঘটেছে। এমতাবস্থায় বাংলাদেশে স্বাস্থ্যসেবায় অধিক আর্থিক বরাদ্দ প্রয়োজন হবে। দেশে বর্তমানে দৈনিক খেটে খাওয়া হতদরিদ্র মানুষের উপরে এর প্রভাব প্রকটভাবে পড়তে শুরু করেছে।মানবিক সহায়তার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষকদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবেন।
এ অর্থ এপ্রিল মাসের বেতন থেকে কাটা হবে। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে।