রাজধানীর স্বামীবাগের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) মন্দিরে শনিবার পুরোহিতসহ ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এটি লকডাউন করে দেয়া হয়েছে।
গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল ইসলাম রবিবার ইউএনবিকে বলেন, ‘শুক্রবার ৩৪ অনুসারী ও পুরোহিতের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং তারা সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’
তিনি আরও জানান, স্বামীবাগ আশ্রম যা স্থানীয়ভাবে ইসকন মন্দির নামে পরিচিত শনিবার সকালে তা লকডাউন করে দেয়া হয়।
পরিদর্শক আমিনুল আরও বলেন, পুলিশ সংগঠনের সংক্রমিত সদস্যদের তথ্য সংগ্রহ করছে এবং শিগগিরই আবার তাদের পরীক্ষা করা হবে।
আক্রান্ত সবাইকে মন্দিরের ভেতরেই চিকিৎসা দেয়া হচ্ছে এবং সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শক্রমে প্রয়োজনে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে বলে তিনি জানান।
ইসকন পুরোহিতদের উদ্ধৃতি দিয়ে পরিদর্শক আমিনুল বলেন, সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরই তারা মন্দিরের ভেতরে সাধারণ মানুষের চলাচলে বাধানিষেধ আরোপ করেন। কিন্তু তার আগেই হয়তো ইসকনের সদস্যদের কেউ ভাইরাস সংক্রমিত হয়ে থাকতে পারেন।
সরকার সব ধর্মীয় প্রতিষ্ঠানে গণজমায়েত নিষিদ্ধ করেছে এবং ইসলামিক ফাউন্ডেশন ভাইরাসে সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের সব মসজিদকে বিশেষ নির্দেশনা দিয়েছে।
রবিবার দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আরও ৪১৮ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে।
ইতোমধ্যে সরকার সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়েছে এবং তত দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।