মাদারীপুরের রাজৈরে ইকবাল মোল্লা (৩৯) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড়ের একটি ক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইকবাল মোল্লা রাজৈরের বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের সুন্দর আলী মোল্লার ছেলে সে।
প্রত্যক্ষদর্শীদের বড়াতে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ইকবাল। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন মোবাইলফোনে কল দিলে তা বন্ধ পান। মঙ্গলবার সকালে শাখারপাড় বেঁড়িবাধ এলাকার একটি ক্ষেতে রক্তাক্ত একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এসময় ঘটনাস্থল থেকে ওই যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশ। এদিকে ওই যুবকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ জানান, ময়নাতদন্তের পরেই হত্যার রহস্য জানা যাবে। তবে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।