নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী কর্তৃক স্বামী অপহরণের পর ২লাখ টাকার বিনিময়ে মুক্তি পান স্বামী । এ ব্যাপারে ২ জুলাই স্বামী শাহীন আহাম্মেদ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামের সাহাবুদ্দিনের ছেলে শাহীন আহাম্মেদের সাথে দেড় বছর পূর্বে হাজির টেক গ্রামের সিরাজুলের মেয়ে খাদিজা (২৫) এর সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই স্ত্রী খাদিজা স্বামীর সাথে খারাপ আচরণ শুরু করে। স্ত্রীকে অনেক বুঝিয়েও স্বামী ব্যর্থ হন। স্ত্রীর খারাপ আচরণের কারণ খুঁজতে গিয়ে দেখেন রাধানগর গ্রামের অনু মিয়ার ছেলে নাসির (৪০) এর সাথে খাদিজার পরকিয়া প্রেম চলছিল। এরই কারণে সে স্বামীর সাথে খারাপ আচরণ করে আসছে।
গত ২৯ জুন বেলা ১২ টার দিকে স্ত্রী খাদিজা মার্কেট করার কথা বলে স্বামীকে নিয়ে কালাপাহাড়িয়া থেকে আড়াইহাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা খাগকান্দা হতে রিকশা যোগে উচিৎপুরা ব্রিজের কাছে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা পরকিয়া প্রেমিক নাসির এবং তার সহযোগীরা স্বামী শাহীনকে চোখ বেঁধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে শাহীনকে মারধর করে তার ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে ২লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকি ও দেন। অপহরণকারীদের কথামত ২ লাখ টাকা পরিশোধ করিলে ৩০জুন শাহীনকে চোখ বেঁধে উচিৎপুরা হাজী বেলায়েত কলেজ রোডে নির্জন স্থানে ফেলে যায়।
শাহিন আহাম্মেদ জানান, স্ত্রী খাদিজা এবং তার পরকিয়া প্রেমিক নাসির সহ আরো কয়েকজন তাকে রশি দিয়ে বেধে অমানুষিক নির্যাতন করেছে। এ ব্যাপারে শাহীন আহাম্মেদ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।