মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়েছেন মোঃ সুজন। এই অবস্থাতেই স্বজনদের ফোন করা ছাড়া উপায়ও ছিল না তার। ফোনে বারবার বলছিলেন, ‘আমার বউ-মেয়ে সব শেষ। আমার আর কেউ নাই রে, তোরা কে কোথায় আছোস হাসপাতালে আয়।’ রবিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় সুজনের স্ত্রী জান্নাতি (২৩) ও নয় মাসের শিশু কন্যা সুবহানা নিহত হয়েছেন। ওয়্যারলেস গেটে বিকট এক বিস্ফোরণে তিনতলা ওই ভবন ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ, আহত হয়েছেন অনেকে।
স্ত্রী ও শিশু সন্তানের হঠাৎ মৃত্যুতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়া সুজন বলেন, ‘রবিবার সন্ধ্যায় কন্যা সুবহানা আর ভাই রাব্বিকে (১৩) নিয়ে ভবনটিতে অবস্থিত শর্মা হাউস রেস্তরাঁয় গিয়েছিলেন জান্নাতি। বিস্ফোরণের খবর শুনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে স্ত্রীর লাশ পেয়েছেন। নয় মাসের কন্যা আরেকটি বেসরকারী হাসপাতালে মারা গেছে বলে স্বজনদের কাছে জানতে পেরেছেন।’
সুজনের কিশোর শ্যালক রাব্বি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে আহাজারির সুরে বলে চলেন এই যুবক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে যখন ট্রলিতে করে জান্নাতির মৃতদেহ বের করা হচ্ছিল, তখন আর সুজনকে আটকে রাখতে পারছিলেন না কেউ। স্ত্রীর মৃতদেহের কাছে গিয়ে বারবার তাকে ডেকে ওঠানোর চেষ্টা করছিলেন। তার কান্না আর আহাজারিতে ভিজে ওঠে উপস্থিত অনেকেরই চোখের কোণ।
স্বজনেরা জানান, সুজন একটি ওষুধের দোকানে কাজ করেন। ওই রেস্তরাঁটি তাদের এক আত্মীয়ের। রবিবার সন্ধ্যায় সেখানে বেড়াতে গিয়েছিলেন জান্নাতি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবন ধসে পড়েছে। ওই ভবনের দোতলায় সিঙ্গারের বিক্রয় কেন্দ্র ছিল। নিচতলায় খাবারের দোকান শর্মা হাউস ও বেঙ্গল মিটের বিক্রয় কেন্দ্র ছিল, যা মিশে গেছে।