রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থেকে রাতের মধ্যে এ তিনজনের মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি মাজহারুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদের মধ্যে মনসুর হেলাল (২৫) নামে একজনের নাম-পরিচয় জানা গেছে।
ওসি মাজহারুল হক জানান, বৃহস্পতিবার রাতে তেজগাঁওয়ের মধ্যবর্তী রেললাইন ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের একজনের আনুমানিক বয়স (২৫) ও অপরজনের (৪০)। এছাড়া দুপুরে কারওয়ান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মনসুর নামে অন্য এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি জানান, নিহত দুইজনের শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, কারওয়ান বাজার কাঠপট্টি সংলগ্ন রেললাইনে মনসুর হেলাল নামে মারা যাওয়া যুবকের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায়। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।