বরিশাল ব্যুরো : বরিশালে ৬৯’র গণঅভ্যুত্থানের ছাত্র নেতা শহীদ আলাউদ্দিনের নামে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নির্মানাধীন লেবুখালী সেতু এবং বরিশাল নগরীর শহীদ আলাউদ্দিনের শিক্ষা প্রতিষ্ঠান এ.কে স্কুলকে জাতীয়করনের দাবীতে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ বরিশাল জেলা কমিটি।
উনসত্তরের গণঅভ্যুত্থানের ছাত্র সংসদের আহবায়ক ও শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহবায়ক অ্যাড. খাঁন আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সদস্য সচিব ও বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, একে স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, গণফোরাম বরিশাল জেলা সভাপতি অ্যাড. হিরন কুমার দাস মিঠু প্রমুখ।
এসময় বক্তরা বলেন, স্বাধীনতার আগে বঙ্গবন্ধুর ১১ দফা আন্দোলন সহ ৬৯’র গণঅভ্যুত্থানের তৎকালীন স্বৈরাচারী আইয়ূব মোনায়েমের জারী করা ১৪৪ ধারা ভংগ করে মিছিল বের হলে ইপিআর বাহিনীর গুলিতে এ.কে স্কুলের ৯ম শ্রেণির ছাত্র আলাউদ্দিন বরিশাল নগরীর সদর রোডে শহীদ হন। দীর্ঘ ৫০ বছরেও বরিশালে শহীদ আলাউদ্দিনের নাম স্মরণ করে রাখার মত এখানে কোন সরকার কিছু করেনি। তাই উনসত্তরের গণঅভ্যুত্থান আন্দোলনের মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধুর স্বাধীনতার আন্দোলনের সৈনিক আলাউদ্দিন এর স্মৃতি ধরে রাখতে লেবুখালীতে নির্মাণাধীন সেতুটি শহীদ আলাউদ্দিনের নামে নামকরন করার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবী সম্বলিত স্মারকলিপি প্রধান করেন তারা।