ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহী মারা গেছে। আরোহীরা ৩৩টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, রোববার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেটিতে মোট ১৪৯ যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ফ্লাইট ইটি৩০২ কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল।
উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর স্থানীয় সময় সকাল ০৮:৪৪ মিনিটে আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশফটুশহরের কাছে বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।
এক প্রত্যক্ষদর্শী বিবিসি’কে বলেছেন, বিমানটি মাটিতে পড়ে ভয়াবহ আগুন ধরে যায়। “আগুন এতটাই দাউ দাউ করে জ্বলছিল যে কেউ কাছে যেতে পারছিল না। সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ঘটনাস্থলে এখন ৪ টি হেলিকপ্টার আছে।”
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একটি টুইট করেছেন।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পরপরই এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বিশফতু শহরের কাছে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হওয়ার কথা জানানো হয়েছিল।
বিধ্বস্ত উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রস্তুতকারী কোম্পানি বোয়িং এর ৭৩৭ ম্যাকস-৮ মডেলের। ২০১৬ সালে এই মডেলের উদ্বোধন হয়।
ইথিওপিয়ান এয়ারলাইন্স গত বছর জুলাইয়ে তাদের বহরে বোয়িংয় ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ যুক্ত করে।
রোববার ইথিওপিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর বোয়িংয়ের পক্ষ থেকে এক টুইটে ‘গভীর মনযোগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে’ বলে জানানো হয়।
মাত্র পাঁচ মাস আগে ইন্দোনেশিয়ায় বোয়িংয়ের একই মডেলের আরো একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। লায়ন এয়ারের ওই উড়োজাহাজটির ১৯০ আরোহীর সবাই নিহত হয়েছিল।