ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুর সড়কে সেলফি তুলতে গিয়ে দু’শিশু আহত ও ট্রাক চাপায় এক শিশু নিহত

যশোর অফিস : প্রাইভেটকার চালক মোবাইল ফোনে সেলফি তুলতে তুলতে গাড়ি চালাচ্ছিলেন। আর সে কারণে দুর্ঘটনায় আহত হয়েছে দু’শিশু। মঙ্গলবার দুপুরে যশোর-রাজগঞ্জ সড়কের পলাশী আদর্শ কলেজ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। কলেজের শিক্ষার্থীরা প্রাইভেটকারটিতে ব্যাপক (ঢাকা-মেট্রো-চ-৫৪-০৮৪৩) ভাংচুর চালায়। এছাড়া তারা প্রায় দু’ঘণ্টা সড়ক অবরোধ করে।

খবর পেয়ে খেদাপাড়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ উঠানোর চেষ্টা করলে শিক্ষার্থীদের সাথে তাদের ধস্তাধস্তি হয়। পরে রাজগঞ্জ তদন্ত কেন্দ্র ও থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ কার চালক সোহেলকে আটক করে হেফাজতে নিয়েছে। তার বাড়ি যশোরের চাঁচড়ায়।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, ওইদিন দুপুরে পলাশী কলেজ ও হাই স্কুলে পৃথকভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল। দুপুর দু’টার দিকে স্কুলের অনুষ্ঠান শেষ হলে প্রথম শ্রেণির শিক্ষার্থী মিম ও সাথী রাস্তা পার হয়ে কলেজের দিকে যাচ্ছিল। এসময় যশোরমুখি একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতিতে চিকিৎসকরা তাদের খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করে। আহত মিম পলাশী গ্রামের ইসহাক আলী এবং সাথী একই গ্রামের আজিজুর রহমানের মেয়ে। তারা দুজনই পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে, কলেজের শিক্ষার্থীরা দ্রুত এসে দুর্ঘটনায় দায়ী কারটিসহ চালক সোহেলকে ধরে তাদের হেফাজতে নেয়। এসময় উত্তেজিত শিক্ষার্থীদের সাথে এলাকাবাসী এসে গাড়িটিতে ব্যাপক ভাংচুর চালায়। ঘটনার প্রতিবাদে তারা কলেজ গেটের দুইপাশে বেঞ্চ পেতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় রাস্তার দু’পাশে যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়।

দুর্ঘটনা ও সড়ক অবরোধের খবর পেয়ে খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই সালাউদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে এলে উত্তেজিত শিক্ষার্থীদের সাথে পুলিশের বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। ক্ষুব্ধ শিক্ষার্থীরাও পুলিশের ওপর হামলা করে। এসময় কলেজের শিক্ষার্থী পিয়াল, মৃদুল ও আশিক এবং এসআই সালাউদ্দিনসহ ৩-৪জন পুলিশ সদস্য মারপিটের শিকার হন বলে প্রতক্ষ্যদর্শীরা জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রথমদিকে তারা গাড়িটিতে ভাংচুর চালায়নি। সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছিল। পুলিশ এসে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। পরে ক্ষুব্ধ জনতা গাড়ি ভাংচুর করে।
মণিরামপুরের খেদাপাড়া ক্যাম্প পুলিশের টু-আইসি এএসআই জয়ন্ত কুমার সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার সময় শিক্ষার্থীরা এসআই সালাউদ্দিনসহ তিন-চারজন পুলিশ সদস্যকে মারপিট করে আটকে রাখে। পরে অতিরিক্ত পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম এনামুল হক বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে গেলে উভয়ের সাথে বাকবিতন্ডা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে
যশোরের শার্শায় ট্রাক চাপায় এক শিশু নিহত ও শিশুর দাদা আহত হয়েছেন। বুধবার দুপুরে শার্শার কেরালখালি হাজরাতলার মোড়ে নাভারন-গোড়পাড়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বালি বোঝাই ট্রাকটি নাভারন থেকে গোড়পাড়া যাচ্ছিল। কেরালখালি হাজরাতলা মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে শিশুটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় শিশুটির দাদা হারুনার রশিদও আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।