অনলাইন ডেস্ক : ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় অর্ধশত মুসলমান নিহত হওয়ার কয়েক সপ্তাহ আগেও এক ব্যক্তি নিউ জিল্যান্ডের মসজিদগুলোর বাইরে কোরানের কপি পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছিলেন।
ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে দেশটিতে যে দীর্ঘদিন ধরে হুমকি ধামকি চলে আসছিল ওই ঘটনাকে তার একটি নজির হিসেবে অভিহিত করেছিলেন বিভিন্ন সম্প্রদায়ের নেতারা।
কোরান পোড়ানোর হুমকি দেওয়া ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ক্রাইস্টচার্চে হামলার সঙ্গে এর কোনো যোগসাজশ না থাকলেও অপরাধের ধরনে মিল আছে কিনা পুলিশ সে সম্বন্ধে কিছু জানাতে পারেনি, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
এর কারণ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলো এ ধরণের বিদ্বেষমূলক অপরাধের নথি রাখলেও নিউ জিল্যান্ডের সরকার এদিকে মনোযোগ দেয়নি।
দশককালেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাগুলো এ বিষয়ে কাজ করতে অনুরোধ করলেও দেশটির সরকার তাতে কান দেয়নি।
“অনেক বছর ধরে ধারাবাহিকভাবে এ বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া ও জরুরিভিত্তিতে তা কার্যকর করার প্রয়োজনীয়তার ব্যাপারটি তুলে ধরেছি আমরা। এ সংক্রান্ত ভালো তথ্য থাকা আবশ্যক,” বলেছেন হিউম্যান রাইটস কমিশনের প্রধান আইনী কর্মকর্তা জেনেট অ্যান্ডারসন-বিডৌস।
ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি চালানোর অভিযোগে আটক সন্দেহভাজন শ্বেত বর্ণবাদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এপ্রিলের ৫ তারিখ তাকে ফের আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছে রয়টার্স।
নিউ জিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ সন্ত্রাসী হামলার পর এ ধরনের ঘটনার ক্ষেত্রে কোন বিষয়গুলো গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোর সুরক্ষায় কোথায় কোথায় সম্পদ বরাদ্দ করা প্রয়োজন, তাও আলোচনায় উঠে আসছে।
মসজিদে বন্দুকধারীর হামলার পর দেশটির সরকার অবশ্য প্রশংসনীয় সব উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন হামলার তদন্তে একটি শক্তিশালী রাজকীয় কমিশন গঠনেরও নির্দেশ দিয়েছেন।
নিউ জিল্যান্ডের ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনের আনোয়ার গনি বলছেন, নথি না থাকলেও ছড়ানো ছিটানো তথ্য-উপাত্তে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে যে মুসলমানবিরোধী আচরণের পরিমাণ বেড়েছে তার ইঙ্গিত পাওয়া যায়।
“উত্তেজনা সৃষ্টি করে এমন বৈশ্বিক ঘটনা, যেগুলোতে মুসলমানদের সম্পৃক্ততা পাওয়া যায়, তখনই কমিউনিটির কিছু সুনির্দিষ্ট সদস্যদের দিক থেকে বিদ্বেষমূলক অপরাধের প্রবণতা লক্ষ্য করেছি আমরা,” বলেছেন তিনি।
২০০২ থেকে ২০১৩ পর্যন্ত নিউ জিল্যান্ডের জাতিগত সম্পর্ক বিষয়ক কমিশনারের দায়িত্ব পালন করা জোরিস ডি ব্রেস বলছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই মুসলিমদের ওপর হুমকি বেড়ে যাওয়ার বিষয়টিতে সতর্ক হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ঘটনার পর থেকে এ হুমকির পরিমাণ বেড়ে গিয়েছিল।
দায়িত্বে থাকার সময় থেকেই তিনি ধারাবাহিকভাবে সরকার এবং পুলিশকে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনার অধীনে ধর্ম ও বর্ণবিদ্বেষের কারণে সৃষ্ট অপরাধের বিস্তৃত নথি সংরক্ষণের জন্য অনুরোধ করে আসছেন।
তিনি এ প্রসঙ্গটি জাতিসংঘের বর্ণবৈষম্য দূরীকরণ বিষয়ক কমিটিতেও উত্থাপন করেছিলেন।
কমিটির ২০০৭ সালের নিউ জিল্যান্ড বিষয়ক পর্যালোচনায় বিদ্বেষমূলক অপরাধের নথি না রাখায় উদ্বেগ জানিয়ে বর্ণবাদজনিত অপরাধের অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তথ্য সন্নিবেশ করতে নিউ জিল্যান্ডের সরকারকে অনুরোধও জানানো হয়েছিল।
“আমি প্রতিবছরই এ তালিকা করি, এর বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারকে লিখি। তারা আমাকে জানায় যে এ তালিকা প্রয়োজনীয় নয় এবং এটি অগ্রাধিকারেও নেই,” বলেছেন ডি ব্রেস।
২০১৭ সালে জাতিসংঘের বর্ণবৈষম্য দূরীকরণ বিষয়ক কমিটির পর্যালোচনায় ফের নিউ জিল্যান্ডের কাছে বিদ্বেষমূলক অপরাধের নথি না থাকায় উদ্বেগ জানিয়ে, পরের প্রতিবেদনে এ বিষয়ক তথ্য দিতে নিউ জিল্যান্ডের সরকারকে বলা হয়।
একই বছর নিউ জিল্যান্ডের বিচার ও গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যান্ড্রু লিটেল এলে তখনও হিউম্যান রাইটস কমিশন তাদের ব্রিফিংয়ে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনার অধীনে বিদ্বেষমূলক ও বর্ণবাদজনিত অপরাধের নথি রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ ধরনের অপরাধ ঠেকাতে পুলিশের নেওয়া পদক্ষেপসমূহ যথার্থ নয় বলেও মন্তব্য করে তারা।
“এর মাত্রা, বিস্তৃতি ও বিদ্বেষমূল অপরাধগুলো কোথায় হচ্ছে তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের অপরাধ মোকাবিলায় পূর্বশর্ত হচ্ছে পর্যাপ্ত সম্পদ বরাদ্দ দেওয়াও,” বলা হয় ব্রিফিংয়ে।
রয়টার্স এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও লিটেল তাতে সাড়া দেননি।
শনিবার স্থানীয় এক রেডিওতে তিনি বলেছেন, বিদ্বেষমূলক অপরাধ রুখতে এখনকার আইন অপর্যাপ্ত।
কর্মকর্তাদের নিয়ে আইনগুলো পর্যালোচনার পাশাপাশি বিদ্বেষমূলক অপরাধের জন্য পৃথক কোনো আইন করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন এ বিচারমন্ত্রী।
পুলিশ বলছে, তারা বিদ্বেষমূলক অপরাধগুলোকে গুরুতরভাবে নিয়েছে; এ ধরনের অপরাধ মোকাবিলায় নিজেদের পদক্ষেপগুলোকে কী করে আরও উন্নত করা যায় তা নিয়েও ধারাবাহিকভাবে চেষ্টা চালাচ্ছে।
“বিভিন্ন সম্প্রদায়ের নেতা এবং প্রতিনিধিদের সঙ্গে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি আমরা; যার মধ্যে আছে পুলিশ কীভাবে বিদ্বেষ ও অপমানমূলক অপরাধের নথি সংরক্ষণ করবে তাও,” ইমেইলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।